
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে স্থানীয় এক ক্লাবে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। পরে ২০ হাজার টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেয়া হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ও নির্যাতিত ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে মুন্না।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি মতিঝিল ক্লাব পাড়ায় ভাতের হোটেলের ব্যবসা করে আসছিলেন। গত ৭ থেকে ৮ মাস আগে মতিঝিল এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান জাহিদ হাসান, ইমুন, আজমির, রানা, মাজেদ, পানি বাবুসহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল তার হোটেলে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়ে দোকানের ক্যাশ ভেঙে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনার পর মুন্না বাদি হয়ে মতিঝিল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় জাহিদ হাসানকে পুলিশ গ্রেফতার করে। দীর্ঘ চার মাস জাহিদ হাসান জেল খেটে গত সেপ্টেম্বর মাসে বের হয়ে আবার তার দোকানে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে এসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মুন্না।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের পরিচয়ে সন্ত্রাসীরা মতিঝিল এলাকায় দীর্ঘ দিন ধরে ব্যাপক চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ কোনো প্রকার প্রতিবাদ করতে পারছে না। তাদের ভয়ে ইতঃমধ্যেই অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন।
এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








