ইউএসএস থিওডোর রুজভেল্ট, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি, মার্কিন বিমানবাহী রণতরী, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, ডোনাল্ড ট্রাম্প, ইউএসএস জর্জ ওয়াশিংটন, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা
সাগরে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্ট। সংগৃহীত

বিমানবাহী রণতরী 'ইউএসএস থিওডোর রুজভেল্ট' ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রবেশ করেছে। এর ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়াল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে মিলিত হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ায় কূটনৈতিক সফরের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটল। এক মার্কিন কর্মকর্তা  এ তথ্য জানিয়েছেন।

Advertisement

ইরানের সাথে চলমান উত্তেজনা এবং তেহরানের বিরুদ্ধে পুনরায় বড় আকারের সামরিক অভিযান শুরু করা হবে কি না তা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে আলোচনার মধ্যেই 'রুজভেল্ট' রণতরীটি রোববার ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন থাকা 'ইউএসএস জর্জ ওয়াশিংটন' এবং 'ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ'-এর সাথে যুক্ত হলো।

তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের এই সমাবেশ মধ্যপ্রাচ্যে আমেরিকার উল্লেখযোগ্য নৌ-উপস্থিতিরই বহিঃপ্রকাশ। চলতি বছরের শুরুতে গত এপ্রিলেও একই ধরনের সেনা মোতায়েন করা হয়েছিল, যখন ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর প্রথমবারের মতো তিনটি মার্কিন বিমানবাহী রণতরী একযোগে ওই অঞ্চলে অভিযান পরিচালনা করেছিল।

তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপই কত দিন ওই অঞ্চলে অবস্থান করবে, তা এখনো স্পষ্ট নয়। আগে থেকেই মোতায়েন থাকা দুটি রণতরীর যেকোনো একটির স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল 'রুজভেল্ট'-এর, যদিও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজন হলে তিনটি রণতরীই সেখানে অবস্থান করতে পারে।

ইরানের সাথে যুদ্ধে ট্রাম্প যখন তার পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে চিন্তাভাবনা করছেন, ঠিক সেই সময়েই এই সর্বশেষ সামরিক তৎপরতা শুরু হলো।

ট্রাম্প জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন, ইরান বা ইরান-সমর্থিত হাউছিরা (হুতি) মার্কিন স্বার্থের বিরুদ্ধে নতুন করে হামলা না চালালে তিনি অতিরিক্ত হামলার নির্দেশ দেওয়া থেকে বিরত থাকতে পারেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান নতুন করে সামরিক উত্তেজনা এড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের মতে, ইসরাইলি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে আবার সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করার জন্য ওয়াশিংটনকে চাপ দিয়ে যাচ্ছেন।

ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে এই বিতর্ক সামনে এলো।

রোববার 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান অনুযায়ী, সামরিক অবকাঠামোর ওপর ব্যাপক মার্কিন ও ইসরাইলি হামলা সত্ত্বেও তেহরানের কাছে এখনো ১,৫০০ থেকে ২,৫০০টি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কতগুলো ক্ষেপণাস্ত্র সচল বা গুদামে মজুত আছে তা নির্ধারণ করা কঠিন হওয়ায় এই অনুমানের ওপর তাঁদের আস্থার মাত্রা কম।

তা সত্ত্বেও, এই মূল্যায়ন ইঙ্গিত দেয় যে সংঘাত তীব্রতর হলে মার্কিন বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের হুমকির মুখে ফেলার মতো যথেষ্ট সক্ষমতা ইরানের এখনো রয়ে গেছে। সূত্র : জেরুসালেম পোস্ট