হাম উপসর্গে আরো একজনের মৃত্যু

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে চলতি বছর হাম ও উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। সে সিলেট বিভাগের বাসিন্দা। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০ জন। এর মধ্যে ৯৯৭ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১৩ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৪ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৪২ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১০১ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ২ লাখ ১৬ হাজার ৭৬৫ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৩ হাজার ২১২ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৯ হাজার ৯৭৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯২ হাজার ৬৯৫ জন, আর সুস্থ হয়ে আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৮৫ হাজার ১১০ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৬১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯৭, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৭, বরিশালে ৮৪, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেট বিভাগে আরেক শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে একদিন মৃত্যুহীন থাকার পর ফের হাম ও উপসর্গে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৮ মাসের সিহাব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। 
এ নিয়ে এ বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে। এই সময়ে নতুন কারো হাম শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৩২ জন। 
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২৮ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।