
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে পশ্চিম এশিয়া অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত যেসব মার্কিন সামরিক ঘাঁটি সেই হামলায় জড়িত থাকবে, সেগুলোতে পাল্টা আঘাত হানা হবে। এসব ঘাঁটি ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাই বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারো যুদ্ধ শুরু করে, তাহলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত আগ্রাসনে জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের প্রাণঘাতী হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।’ তিনি আরো লেখেন, ‘নিরাপদ দূরত্ব বলে কিছু নেই। নিরাপদ আশ্রয়ও নেই। কোনো দায়মুক্তি নেই।’ ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভ এ খবর জানায়।
গত মাসের শেষ দিকে জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের যেকোনো সম্ভাব্য শত্রু হুমকির জবাব দিতে তাৎক্ষণিক ও কঠোর প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমার কোনো বাধা থাকবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সাথে এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী সংঘাতের জন্য বিচক্ষণতার সাথে সামরিক প্রস্তুতি নেয়া সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধক্ষমতা অর্জনের মৌলিক শর্ত।’
তিনি সতর্ক করে বলেন, ইরানের প্রতিপক্ষরা যদি আবারো সামরিক বা সন্ত্রাসী হামলা শুরু করে, তাহলে ‘ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ও ইরানের জনগণই ঠিক করবে, কখন এবং কোন পরিস্থিতিতে এসব হামলার অবসান ঘটবে।’
সামরিক লক্ষ্যবস্তুর তালিকা ব্যাপকভাবে হালনাগাদ করারও নির্দেশ দেন ইরানের নেতা। এর উদ্দেশ্য, ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শত্রুর সব দৃশ্যমান ও অদৃশ্য সম্পদ যেন সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে আসে’, তা নিশ্চিত করা।
সম্প্রতি ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগের নতুন একটি ‘মিসাইল সিটি’ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি। সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধে শত্রুরা একের পর এক বিস্ময়ের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি ওই ক্ষেপণাস্ত্র নগরী উদ্বোধনের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ইরান এখনো তার সামরিক সক্ষমতার পুরোটা প্রকাশ করেনি। বিশেষ করে ওই স্থাপনায় গোপন রাখা সক্ষমতার অনেক কিছুই এখনো প্রকাশ্যে আসেনি।
হায়দারি বলেন, ‘এসব কৌশলগত অর্জনই দেশের সবচেয়ে বড় প্রতিরক্ষামূলক বিস্ময়।’ শত্রুরা কোনো বোকামিপূর্ণ পদক্ষেপ নিলে বিশ্ব দেখবে, কীভাবে এসব গোপন সক্ষমতা আগ্রাসীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








