
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুতায়ন, পরিবেশবান্ধব শিল্পায়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। তুরস্কের আন্তালিয়ায় জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের প্রথম দিনে ১০০টির বেশি দেশের নেতা এবং জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একত্রিত হয়ে এ আহ্বান জানান। সম্মেলনে বিদ্যুতায়নে বিনিয়োগ বৃদ্ধি, শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানো, বর্জ্য উৎপাদন নিয়ন্ত্রণ এবং বর্জ্য খাত থেকে মিথেন নিঃসরণ হ্রাসের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সভাপতিত্বে বিদ্যুতায়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন। বৈঠকের উদ্দেশ্য ছিল বিদ্যুতায়নকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার অন্যতম অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এবং এ ক্ষেত্রে রাজনৈতিক সমর্থন ও বিনিয়োগ বাড়ানো।
বিশ্বনেতাদের উদ্দেশে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘প্রকৃতির প্রতি শ্রদ্ধা আমাদের সভ্যতার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পৃথিবী একটি পবিত্র আমানত, যা সুরক্ষিত ও যত্নের সাথে সংরক্ষণ করতে হবে। যে সংস্কৃতিতে রুটিকে উর্বরতা, পানিকে পবিত্রতা এবং গাছকে জীবন হিসেবে বিবেচনা করা হয়, সেই সংস্কৃতিই আমাদের পরিবেশ ও জলবায়ুনীতির পথপ্রদর্শক।’
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আমরা সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হওয়ার চেষ্টা করছি।’
তুরস্কের কার্বন নিঃসরণ হ্রাসের উদ্যোগ তুলে ধরে এরদোয়ান বলেন, জ্বালানি, শিল্প, পরিবহন ও কৃষিসহ অর্থনীতির সব খাতে সবুজ রূপান্তরকে গুরুত্ব দেয়া হচ্ছে। কার্বন নিঃসরণ কমাতে এসব খাতের কাঠামো পুনর্গঠন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত এবং পরিচ্ছন্ন পরিবহনব্যবস্থার প্রসারে কাজ করছে তার সরকার। এ ক্ষেত্রে চলতি মাসের শুরুতে তুরস্কের জাতীয় জ্বালানি পরিকল্পনা প্রকাশের কথাও তুলে ধরেন তিনি।
কপ-৩১ এর সভাপতি তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপ ও জাতীয় স্বার্থের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। জ্বালানির দক্ষ ব্যবহার সরবরাহব্যবস্থাকে নিরাপদ করে, পানিতে বিনিয়োগ খাদ্যনিরাপত্তা শক্তিশালী করে, পরিচ্ছন্ন প্রযুক্তি শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং জলবায়ু সহনশীল নগর অর্থনীতিকে শক্তিশালী করে। সঠিকভাবে পরিকল্পিত জলবায়ু পদক্ষেপ সমৃদ্ধি, নিরাপত্তা ও প্রতিযোগিতামূলক সক্ষমতায় বিনিয়োগের সমতুল্য।
এ দিকে, কপ-৩১ প্রেসিডেন্সি পরিবেশবান্ধব শিল্পায়ন এগিয়ে নিতেও বিশ্বনেতা পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করে। এতে ‘আন্তালিয়া গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমপ্যাক্ট’-এর প্রতি রাজনৈতিক সমর্থন তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়। বৈশ্বিক সরাসরি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের প্রায় এক-চতুর্থাংশের জন্য শিল্প খাত দায়ী। তাই শিল্প উৎপাদনে কম ও প্রায় শূন্য কার্বন নিঃসরণকারী প্রযুক্তির ব্যবহার এবং এ খাতে বিনিয়োগ ও বাজার সম্প্রসারণকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শিল্পপ্রক্রিয়ায় বিদ্যুতায়ন এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বাড়ানোর মাধ্যমে এ খাতের কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা রয়েছে।
সম্মেলনের প্রথম দিনে বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্যশূন্য বিশ্ব গড়ার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। তুরস্কের ফার্স্ট লেডি এমিনো এরদোগান বর্জ্য মোকাবেলায় রাজনৈতিক সমর্থন জোরদারবিষয়ক বিশ্বনেতা পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেন। সেখানে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে পৌরসভাভিত্তিক কঠিন বর্জ্য উৎপাদনের সম্ভাব্য বৃদ্ধি অন্তত ৫০ শতাংশ কমানো এবং বৈশ্বিক চক্রাকার উপকরণ ব্যবহারের হার অন্তত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য তুলে ধরা হয়।
বর্জ্য খাত জলবায়ু পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও আলোচনায় এসেছে। মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট মিথেন নিঃসরণের প্রায় ২০ শতাংশ আসে এ খাত থেকে। বায়ুমণ্ডলীয় উষ্ণায়নের ক্ষেত্রে মিথেন কার্বন ডাই-অক্সাইডের তুলনায় প্রায় ৮০ গুণ বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। ফলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং এ খাত থেকে মিথেন নিঃসরণ কমানো জলবায়ু সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ বলে সম্মেলনে তুলে ধরা হয়।
বর্জ্য ব্যবস্থাপনাকে কপ-৩১-এর অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে সম্মেলনের আয়োজক তুরস্ক। এর অংশ হিসেবে সম্মেলনের উদ্বোধনী দিনে ‘ওয়ান বিলিয়ন চ্যালেঞ্জ’ চালু করা হয়েছে। খাদ্য অপচয় কমাতে বিশ্বের মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য। জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত এ কর্মসূচিতে পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান, নগর কর্তৃপক্ষ, সংগঠন ও বিভিন্ন জনগোষ্ঠীকে যুক্ত করা হবে। খাদ্য অপচয় কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণ, সফল অভিজ্ঞতা তুলে ধরা এবং অর্জিত ফলাফল বিনিময়ের মাধ্যমে এ চ্যালেঞ্জ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
এ ছাড়া বর্জ্য খাত থেকে মিথেন নিঃসরণ কমাতে নীতিমালা ও বাস্তবভিত্তিক প্রকল্প চিহ্নিত করার লক্ষ্যে ‘গ্লোবাল হাই-লেভেল ডায়ালগ অন মিথেন এমিশনস ফ্রম দ্য ওয়েস্ট সেক্টর’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। একই দিন চালু করা হয় ‘সার্কুলারিটি নলেজ শেয়ারিং নেটওয়ার্ক’। জলবায়ুনীতিতে চক্রাকার অর্থনীতির ধারণা অন্তর্ভুক্ত করা এবং সফল উদ্যোগগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে এ নেটওয়ার্ক কাজ করবে।
কপ-৩১ প্রেসিডেন্সি আয়োজিত এসব অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বেচ্ছাভিত্তিক আহ্বান জানানো হয়েছে, যাতে তারা বর্জ্য হ্রাস, মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণ ও চক্রাকার অর্থনীতির প্রসারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন।
উল্লেখ্য, জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১) গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








