চাঁদার দাবিতে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি

শার্শা (যশোর) সংবাদদাতা

Advertisement

যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় মারধর ও প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে মিঠুন বিশ্বাসের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন একই এলাকার শরিফুল ইসলাম, আমির আলী ও মকবুল হোসেন। চাঁদা দাবির প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ দিকে, মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওতে সাড়াতলা বাজারে জনসম্মুখে শরিফুল ইসলামকে অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। এ ঘটনায় ডিহি গ্রামের বিপুল বিশ্বাস শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন তিনি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, অস্ত্র প্রদর্শন ও চাঁদা দাবির ঘটনায় থানায় জিডি হয়েছে। অভিযুক্তদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।