বাড়ি, পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, মামলা, নুসরাত তাবাসসুম জ্যোতি, ছাত্রলীগ, আওয়ামী লীগ, নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী
নুসরাত তাবাসসুম জ্যোতি। সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগ ও পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নুসরাত দৌলতপুর থানায় এ মামলা করেন।

জানা গেছে, মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের সূত্র জানায়, মামলায় দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।

এর আগে, বুধবার রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। আগুনে কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগির মৃত্যু হয়। পুড়ে যায় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে বিকট শব্দ শুনে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আগুন দেখতে পান। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার শাহ আলমের স্ত্রী আদরী খাতুন ও তার সন্তানসহ পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

সংসদ সদস্যের বাবা বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) জানান, কয়েক দিন ধরে তাদের বাড়িতে রাতের আঁধারে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকিও দেয়া হচ্ছিল। হুমকিতে বলা হয়েছিল, আর মাত্র এক মাস, তারপর তোদের দেখে নেব। এসব ঘটনার পরই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল হোসেনের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল সার্বক্ষণিক ঘটনাস্থলে অবস্থান করে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন।

বৃহস্পতিবার সকালে পোড়াবাড়ির সামনে সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এর আগে অজ্ঞাত নম্বর থেকে তাকে একাধিকবার হুমকি দেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি। হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক হুমকির পোস্ট দেয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগ তদন্তসাপেক্ষ।

তিনি আরো জানান, হামলা ও ভয়ভীতি দেখিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। চারটি পেট্রোল বোমা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে ঘটনার পর থেকে বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। বিজিবি সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’