
আরব দলগুলোর সাথে সহযোগিতাকারী ইহুদি দলীয় নেতাদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের বৈধতা দিয়েছেন হাইফা র্যাবিনিক্যাল কোর্টের সাবেক প্রধান র্যাবাই গেদালিয়া অ্যাক্সেলরড। হাতে লেখা এক চিঠিতে ধর্মীয় অনুশাসন (হালাখিক রুলিং) জারি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এ খবর জানিয়েছে।
হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী, অ্যাক্সেলরড তার চিঠিতে যুক্তি দিয়েছেন যে, যেসব ইহুদি রাজনীতিবিদ আরব দলগুলোর সাথে সহযোগিতা করেন, তাদের ওপর ‘দিন রোদেফ’ নীতি প্রযোজ্য হবে।
হিব্রু ভাষায় ‘রোদেফ’ শব্দের অর্থ হলো ‘অনুসরণকারী’ বা ‘আক্রমণকারী’। মধ্যযুগে ইহুদি দার্শনিক মাইমোনাইডস (রামবাম)-এর মতে, এই ধর্মীয় মতবাদটি এমন সব ধর্মীয় আদেশ (মিৎজভত) থেকে উদ্ভূত, যা নির্দেশ দেয়— ‘আক্রমণকারীকে হত্যা করার মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে রক্ষা করা; আক্রমণকারীর প্রতি কোনো দয়া না দেখানো; এবং কোনো সহকর্মীর জীবন বিপন্ন হলে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে না থাকা।’
হারেৎজ জানিয়েছে, অ্যাক্সেলরড তার হাতে লেখা চিঠিতে দাবি করেছেন যে, ইসরাইলের আরব দলগুলোর সাথে সহযোগিতা করা ‘পবিত্র ভূমি এবং বিশ্বজুড়ে ইসরাইলি জনগণের জন্য এক ভয়াবহ বিপদ ডেকে আনে।’ অ্যাক্সেলরড যুক্তি দেন যে, আরব দলগুলোকে ক্ষমতাসীন জোটে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো কিংবা জোটের বাইরে থেকে তাদের সমর্থনের ওপর নির্ভর করা—উভয়ই এই সহযোগিতার অন্তর্ভুক্ত হতে পারে।
এর প্রতিক্রিয়ায়, ইসরাইলের নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনীর সাবেক প্রধানদের একটি দল হত্যায় প্ররোচনা দেয়ার সন্দেহে অ্যাক্সেলরডের বিরুদ্ধে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে।
পুলিশের তদন্ত ও গোয়েন্দা বিভাগের প্রধান সহকারী কমিশনার বোয়াজ বালেটের কাছে লেখা এক চিঠিতে তারা র্যাবাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার অনুরোধ জানান এবং সতর্ক করে বলেন, অন্যথায় ইসরাইল ‘আরো একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সাক্ষী হতে পারে’।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন হত্যাকাণ্ডের ন্যায্যতা দিতেও একই মতবাদ ব্যবহৃত হয়েছিল।
১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনকে হত্যার ন্যায্যতা প্রমাণ করতে ঘাতক ইগাল আমির এই ‘দিন রোদেফ’ পরিভাষাটি ব্যবহার করেছিলেন। ওই হত্যাকাণ্ডের আগের সময়ে কট্টরপন্থী র্যাবাইরা যুক্তি দিয়েছিলেন যে, রবিনের ‘অসলো চুক্তি’ বাস্তবায়নের প্রচেষ্টা ইহুদিদের জীবনকে বিপন্ন করে তুলেছে।
অ্যাক্সেলরডের এই ফতোয়া হাবাদ আন্দোলনের অবস্থানকে প্রতিনিধিত্ব করে কি না—এমন প্রশ্নের জবাবে ইসরাইলে আন্দোলনটির মুখপাত্র র্যাবাই শিমি সেগাল হারেৎজ-কে বলেন যে, কেবল তাদের র্যাবিনিক্যাল কোর্টই আনুষ্ঠানিক ধর্মীয় সিদ্ধান্ত নির্ধারণ করে।
সেগাল বলেন, ‘র্যাবাই অ্যাক্সেলরড এই আদালতের সদস্য নন এবং হাবাদের নেতৃত্বেও তার কোনো পদ নেই। তার বক্তব্য ও চিঠিগুলো পুরোপুরি তার নিজস্ব ব্যক্তিগত মতামতের প্রতিফলন।’
এদিকে, আরব দল ‘রাআম’-এর একমাত্র ইহুদি পার্লামেন্ট সদস্য (এমকে) ওফার কাসিফ পৃথকভাবে রাষ্ট্রীয় কৌঁসুলি অমিত ইসমানের কাছে অ্যাক্সেলরডের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘নির্বাচনের পর আমরা এই মুহূর্তে নেতৃত্ব পরিবর্তনের অত্যন্ত সংবেদনশীল একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’
তিনি আরো লেখেন, ‘জনগণের দেয়া ম্যান্ডেট বাস্তবায়নের কারণে নির্বাচিত প্রতিনিধিদের হত্যার হুমকি, প্ররোচনা বা বৈধতা দানকারী যে কারো বিরুদ্ধে এই সময়ে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবস্থা নেয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পষ্ট দায়িত্ব।’
‘ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়াইর গোলান সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার পক্ষে সমর্থন জানিয়েছিলেন। অন্যদিকে, পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকোট বলেছিলেন যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণকারী দলগুলোকে তিনি তার জোটে যোগ দেয়ার আমন্ত্রণ জানাবেন।
মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ‘রাআম’ দলটি এর আগে ২০২১–২০২২ সালে নাফতালি বেনেট এবং ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন সরকারে যোগ দিয়েছিল। পরবর্তী সরকার গঠনের জন্য ‘রাআম’ এবং ‘জয়েন্ট লিস্ট’—উভয় দলই আইজেনকোটের নাম সুপারিশ করেছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








