রুহুল কবির রিজভী, বিএনপি, মহিলা দল
জাতীয়তাবাদী মহিলা দলের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নয়া দিগন্ত

হত্যা মামলায় ফাঁসির রায়ে দণ্ডিত পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করে নয়, প্রত্যর্পণ চুক্তিতে দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব দিবসের আলোচনা সভায়’ এমন মন্তব্য করেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা আসতে চাচ্ছেন, ফিরতে চান—উনার আইনজীবীরা পাসপোর্ট চান, তার জন্য ভিসা চান, তার এনআইডি কার্ড চান। কেন, কারা চাচ্ছেন? দুইটা জিনিস আছে—প্রত্যাবর্তন আর প্রত্যর্পণ। প্রত্যর্পণ হচ্ছে দুই দেশের আইনি ব্যাপার। আর প্রত্যাবর্তন হচ্ছে, আমি দেশ ছেড়ে চলে গেছি, আমার নামে কোনো অভিযোগ নাই, আবার আমি মনে করছি আমি ফিরে আসব; যদি পাসপোর্ট না থাকে, আমার নিজের দেশ, সেই দেশে আমি দরখাস্ত করতে পারি, পাসপোর্ট পেতে পারি। কিন্তু প্রত্যর্পণ কার হয়? যার বিরুদ্ধে অপরাধের মামলা থাকে, তার নিজের দেশে রাষ্ট্রীয় মামলা থাকে, দণ্ড থাকে। তার প্রত্যর্পণ এবং ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণের একটি চুক্তি আছে, এটা আইনি ব্যাপার। তার তো প্রত্যাবর্তন হতে পারে না। তার ভিসা, তার পাসপোর্ট, তার এনআইডি কার্ড—এটা তুচ্ছ, ইমমেটেরিয়াল।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা আবু সাঈদকে হত্যা করেছে, আহনাফকে হত্যা করেছে, মুগ্ধকে হত্যা করেছে, চট্টগ্রামের ওয়াসিম আকরামকে হত্যা করেছে, ফাইয়াজকে হত্যা করেছে, ১৪০০ স্কুল-কলেজের ছাত্রছাত্রী, রিকশাওয়ালাকে হত্যা করেছে। তার বিরুদ্ধে মামলা চলছে, অনেক মামলায় তার শাস্তি হয়েছে, ফাঁসি হয়েছে। তো তাকে নিয়ে এত রাগ কেন? তার প্রত্যর্পণ হতে পারে আইনি প্রক্রিয়ায়। দুই দেশের সাথে কথা হয়ে, তার এখানে যে বিচার হচ্ছে এই বিচারের আওতায় সে আসবে এবং যে দণ্ড দেয়া হয়েছে সেই দণ্ড তাকে ভোগ করতে হবে।’

‘তাকে তো বিচারের আওতায় আনতে হবে। এটা বারবার বলা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। একজন অপরাধী, অপরাধীর জন্য যে আইন, তাকে ফেরত দেয়ার যে আইন—এই আইনের জন্য চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের। সেই প্রত্যর্পণের চুক্তির মধ্যে যে বিধিবিধান আছে, সেই অনুযায়ী সে আসবে এবং তার যে বিচার চলছে, সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে, সে আইনি প্রক্রিয়ার মধ্যে তাকে আসতে হবে,’ বলেন তিনি।