
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা চোরাচালানের সময় নয় লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ) বিজিবি উখিয়া ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গতদিন ‘রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলার জেলেপাড়ার দিকে মিয়ানমার হতে নাফ নদী পার হয়ে একটি নৌকা আসতে দেখা যায়। এ প্রেক্ষিতে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় এ্যাম্বুশে অবস্থান করে। নৌকাটি থেকে আনুমানিক সাত-আটজন মাদককারবারি ইয়াবা ভর্তি বস্তা নৌকা থেকে পানিতে নামিয়ে নিকটস্থ কেওড়া বনের ভেতর অবস্থান নেয় এবং বেড়িবাঁধ পার হওয়ার সুযোগের অপেক্ষায় অবস্থান করতে থাকে। এমতাবস্থায়, বিজিবির অপর একটি টহল দল স্পীডবোট যোগে কেওড়া বনের দিকে এগিয়ে যেতে থাকলে মাদককারবারি দল বিজিবির ওপর ফায়ার করলে বিজিবিও পাল্টা ফায়ার করে এগিয়ে যেতে থাকে। বিজিবির ফায়ারের কারণে মাদককারবারিরা বস্তায় পানিতে ভাসমান অবস্থায় মাদক রেখে নৌকা যোগে দ্রুত মায়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল উক্ত স্থান হতে ছোট-বড় ১০ বস্তায়িআট লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়াও একই দিনে রাত সাড়ে ১১টায় উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞজুমানপাড়া নামক স্থান থেকে মোঃ রমজান আলী নামে একব্যক্তিকে এক লাখ পিস ইয়াবা এবং রাত ৯টায় টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে মো: হোসাইন নামে এক ব্যক্তিকে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








