নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হয়
নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদ অঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশে হাউছিদের সন্দেহভাজন ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। একই সময়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, হাউছিদের সন্দেহভাজন ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। 

হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, তারা সৌদি আরবের তেল অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন এবং লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু তেল স্থাপনা রয়েছে।

রিয়াদের ভাষ্যমতে, তারা প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইস্ট-ওয়েস্ট পাইপলাইন হয়ে ইয়ানবুর দিকে সরিয়ে নিয়েছে, যা বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

ইয়াহইয়া সারি দাবি করেন, ইয়েমেন সীমান্তের কাছে শারুরাহ বিমানবন্দরে একটি সামরিক কার্গো বিমানকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া খামিস মুশাইত বিমান ঘাঁটির দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

হাউছি মুখপাত্র জানান, তাদের বাহিনী রাজধানী রিয়াদে সৌদি আরামকোর সদর দফতরকেও লক্ষ্যবস্তু করেছিল। 

তবে বুধবার সৌদি আরবের পক্ষ থেকে করা এই দাবিকে তিনি ‘মারাত্মক মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন যে, হাউছিরা মক্কা অঞ্চলে হামলা চালিয়েছিল।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত জোট বাহিনী জানিয়েছে, তারা সব ফ্রন্টলাইনে হাউছিদের মোকাবেলা করে যাচ্ছে এবং তাদের নেতা, যানবাহন, অতিরিক্ত সৈন্যদল, অস্ত্র ও বিভিন্ন অবস্থানকে লক্ষ্যবস্তু করছে।

হাউছিদের বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে আলোচনার জন্য মারিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সামরিক ইউনিটের মধ্যে সমন্বয় ও সংহতি বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করা হয়েছে।

সূত্র : আলজাজিরা