সড়ক দুর্ঘটনা, নিহত, মোটরসাইকেল, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ধাক্কা, ফায়ার সার্ভিস, হাঁসাড়া হাইওয়ে থানা
সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নয়া দিগন্ত

মাওয়া যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই রাজধানী ঢাকার পশ্চিম শেওড়াপাড়া এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। পথের মধ্যে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে অজ্ঞাতপরিচয় একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

শুক্রবার সকালে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশের এসআই মো: সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, মাওয়া যাওয়ার পথে মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।