
সৌদি আরবে হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে দেশটির বিমান চলাচল ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনস সৌদি আরবে ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতের এয়ারলাইনস ‘আকাশা এয়ার’ জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে রিয়াদ ও জেদ্দাগামী এবং সেখান থেকে আসা সব ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।
ভারতের আরেকটি এয়ারলাইনস ‘ইন্ডিগো’ রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত রাখার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো ২১ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।
‘এয়ার ইন্ডিয়া’ ও ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’ ১৪ নভেম্বর পর্যন্ত রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত রেখেছে।
ইউরোপীয় এয়ারলাইনসগুলো আরো দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। কেএলএম ২৭ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বাতিল করেছে।
অন্যদিকে, ব্রিটিশ এয়ারওয়েজ তাদের লন্ডন-রিয়াদ রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি ২০২৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ ১৯ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছে। ওমানের সালামএয়ার এই দু’টি শহরেই ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট চলাচল বাতিল করেছে।
সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হাউছি গোষ্ঠীরা বারবার হামলা চালাচ্ছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








