হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে চলতি বছর সাত মাসে হাম ও উপসর্গে মোট এক হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে মারা গেছে দু’জন, অপরজন সিলেট বিভাগে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো  হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৫ জন। এর মধ্যে ৯৫০ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৭ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৪৬ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ৮৫ জন।
একই সময়ে  হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ১১ হাজার ৯৯০ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৩ হাজার ৫৭ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৫ হাজার ৪৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৮ হাজার ৪৫২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৮০ হাজার ৮৪৮ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৫৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯৩, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৫, চট্টগ্রামে ১১০, বরিশালে ৮৪, খুলনায় ৪৯ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেট বিভাগে ৩ দিন পর ফের মৃত্যু
সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে হামে ও উপসর্গে টানা তিন দিন মৃত্যুহীন থাকার পর ফের একজন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হামে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া এক বছর ১৪ দিনের শিশু রুবি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ১৩ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৮ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।