পোশাক কারখানা, শ্রমিক বিক্ষোভ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় শ্রমিকরা সড়ক থেকে সরে যান। ইন্টারনেট

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্ট অচলাবস্থা অবসান হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার পর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকদের আন্দোলনে উসকানি এবং সংঘবদ্ধ যুবকদের লাঠিসোঁটা নিয়ে কারখানায় প্রবেশ করে শ্রমিকদের জোরপূর্বক বাইরে বের করে আনার অভিযোগ উঠেছে।

Advertisement

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

একাধিক পোশাক কারখানার কর্মকর্তার অভিযোগ, সকালে অজ্ঞাতপরিচয় একদল সংঘবদ্ধ যুবক লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন কারখানার গেটে গিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তারা শ্রমিকদের কারখানা থেকে বের করে আন্দোলনে যোগ দিতে বাধ্য করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানিতে পরিকল্পিতভাবে এ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলেও কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন। তাদের দাবি, এভাবে কারখানা বন্ধ করে শ্রমিকদের জিম্মি করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গ্রুপ থেকে শ্রমিকদের আন্দোলনে উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ওই গ্রুপে দেয়া একটি পোস্টে বলা হয়, ‘১২ই নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যায্য মূল্য দাবিতে, গাজীপুর, আশুলিয়া, সাভার, মিরপুর, নারায়ণগঞ্জ উত্তরা এলাকার পোশাক শ্রমিকদের একসাথে আন্দোলনের ডাক দিয়েছে শ্রমিক নেতারা।’

বৃহস্পতিবার সকালে একই গ্রুপে দেয়া অপর একটি পোস্টে বলা হয়, ‘আশুলিয়ায় ২১০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের চিন্তা মালিকদের।’ এসব পোস্টের পরই সকালে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের রাস্তায় নামার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে পোস্টগুলোর সাথে আন্দোলনের সরাসরি যোগসূত্র কিংবা এর পেছনে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করেন। কোনাবাড়ীর এম এম নীট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। পরে শ্রমিকরা আবারো সড়কে অবস্থান নেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। সকাল ১০টার পর শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম। তিনি বলেন, নাশকতা প্রতিরোধে পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।