মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে ২৫টা লাইসেন্স সিন্ডিকেট নয়, এটা প্রসেসিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক
সরকার কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা দিয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণে এই ২৫টি (বিআরএ) রিক্রুটিং লাইসেন্স প্রসেসিং সেন্টার। সুতরাং ২৫টি লাইসেন্সকে যারা সিন্ডিকেট বলে আমি  দ্ব্যর্থহীনভাবে এই শব্দটাকে  গ্রহণ করতে রাজি না। কারণ এটা সিন্ডিকেট নয়, এটা প্রসেসিং সেন্টার। 
গত মঙ্গলবার রাতে পুরানা পল্টনের ‘তিন তারকা’ মানের হোটেলে ‘বায়রা সদস্যদের চলমান সঙ্কট ও করণীয়’ শীর্ষক আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান বক্তা ও আসন্ন বায়রা নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক জোটের মহাসচিব পদপ্রার্থী আতিকুর রহমান বিশ্বাস এ একথা বলেন।  
বায়রা নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলী আজগর লবি। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। আরো বক্তব্য দেন আটাবের সাবেক মহাসচিব ও কুমিল্লা রিক্রুটিং এজেন্সি অ্যাসোসিয়েশনের সভাপতি আসলাম খান, আল রাবেতা ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার ও বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মো: আবুল বাশার, প্যান ব্রাইট ট্র্যাভেল অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী ও আটাব নেতা মো: রুহুল আমিন মিন্টু, বায়রার সাবেক সহসভাপতি সিরাজ মিয়া, রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের সভাপতি ও বায়রার সাবেক যুগ্ম মহাসচিব টিপু সুলতান প্রমুখ। মতবিনিময় সভায় রৌমারি ইন্টারন্যাশনালের মালিক মো: সেলিম, ফাতেমা বেগম, জসিম, কেফায়েত উল্লাহসহ আগত ৫ শতাধিক বায়রা সদস্যের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন। তারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে প্রতিনিয়ত হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কোনো কোনো বক্তা এর প্রতিবাদে জনশক্তি ব্যুরো অফিস ঘেরারওয়ের হুমকি দেন। এ সময় সাধারণ সদস্যরা বক্তব্য সমর্থন করে হাততালি দেন।

Advertisement