ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক বিরতির আগে চোটের ধাক্কায় বেশ বিপাকে পড়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলার ছিটকে যাওয়ায় দুশ্চিন্তায় কোচ জিনেদিন জিদান। সবশেষ এই তালিকায় যোগ হয়েছেন আরেলিয়েন চুয়ামেনি। উয়েফা নেশন্স লিগে ইতালি ও তুরস্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে ইনজুরির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে ফরাসিদের।
আগেই চোটের কারণে এবারের দলে জায়গা পাননি উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাক্রোয়া, মানু কোনে, উসমান দেম্বেলে ও এস্তেবান লেপাউল। এর মধ্যে সালিবা, কুন্দে ও লাক্রোয়ার মতো গুরুত্বপূর্ণ ডিফেন্ডারদের অনুপস্থিতি রক্ষণভাগে বড় প্রভাব ফেলতে পারে। অন্য দিকে আক্রমণভাগে দেম্বেলের না থাকাটাও জিদানের জন্য বড় ধাক্কা।
জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েও ছিটকে গেছেন একাধিক ফুটবলার। হ্যামস্ট্রিংয়ের চোটে গত সোমবার দল থেকে ছিটকে যান জুভেন্টাসের ডিফেন্ডার পিয়েরে কালুলু। তার পরিবর্তে দলে ডাকা হয় সায়েল কুম্বেদিকে। একই চোটের কারণে গতকাল দল ছেড়েছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্কাস থুরাম। তার জায়গায় ডাক পেয়েছেন বোর্নমাউথের এলি জুনিয়র ক্রুপি। সবশেষ গতকাল চোটের কারণে দল ছেড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার চুয়ামেনি। ডান পায়ের অ্যাডাক্টর পেশির সমস্যায় ভুগছেন তিনি।

Advertisement