সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক

Advertisement

বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ, গাড়ি পার্কিং ও অবস্থানের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস দিতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং অন্যান্য  সিনিয়র সচিব ও সচিব সর্বোচ্চ পাঁচটি, অতিরিক্ত সচিব তিনটি এবং যুগ্মসচিবরা দু’টি পাস দিতে পারবেন। এ ছাড়া দুপুর ১২টার আগে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার জারি করা এক চিঠিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ৪ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিঠিটি জারি করা হয়। এতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশসংক্রান্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গাড়ি পার্কিংয়ে বিশেষ স্টিকার : সচিবালয় এলাকায় গাড়ি ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও নিরাপদ করতে বিশেষ ধরনের স্টিকার চালু করা হবে। পার্কিংয়ের অনুমোদিত স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি সচিবালয় প্রাঙ্গণে পার্কিং বা অবস্থান করতে পারবে না। গাড়ির প্রবেশ, অবস্থান ও পার্কিংসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা দায়িত্বপ্রাপ্ত পুলিশ নিয়মিত পর্যবেক্ষণ করবে। কোনো ব্যত্যয় দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সচিবালয়ে আগত দর্শনার্থীদের কার্যক্রমও নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করবে পুলিশ। পাশাপাশি, এক নম্বর ভবনসহ সচিবালয়ের বিভিন্ন ভবনে অনুমোদিত কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য ব্যক্তির প্রবেশাধিকার যাচাই এবং নিয়ন্ত্রণে পৃথক অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন করা হবে। এ ব্যবস্থা চালুর জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর মাধ্যমে ভবনভিত্তিক প্রবেশাধিকার যাচাই ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার পরিকল্পনা নেয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সচিবালয় প্রাঙ্গণে রাতে কোনো কর্মকর্তা-কর্মচারী বা অননুমোদিত ব্যক্তি অবস্থান করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে রাতের বেলায় অবস্থান করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।
সচিবালয়ে আগত বিদেশী দর্শনার্থীদের জন্য পৃথক নিবন্ধনব্যবস্থাও চালু করা হবে। তাদের পরিচয়, আগমনের উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দফতর এবং প্রবেশ ও বের হওয়ার সময় যথাযথভাবে নথিভুক্ত ও সংরক্ষণ করতে হবে।
বদলির ৭ দিন পর স্থায়ী পাস বাতিল : কোনো কর্মকর্তা বা কর্মচারীর বদলির আদেশ কার্যকর হওয়ার সাত দিন পর থেকে তার অনুকূলে ইস্যু করা স্থায়ী পাসের কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল করতে হবে। এর মাধ্যমে পদায়ন বা কর্মস্থল পরিবর্তনের পরও পুরনো পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশের সুযোগ বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক প্রবেশের অনুমতি পাবেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এসব সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের অবগতি এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
নতুন ব্যবস্থার মাধ্যমে সচিবালয়ে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের পরিচয় যাচাই, গাড়ি পার্কিংয়ের শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে।