
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে একটি থাই গ্লাস ভাঙচুর করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতা-কর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এছাড়া একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে সেগুলো বাইরে এনে আগুন দেওয়া হয়। এ সময় কার্যালয়ের টিনও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘নাজিরপুরে পৃথক দুটি জায়গায় বিএনপি অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








