
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ঘিরে বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা করছেন না বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে বলে জানান তিনি।
গতকাল রোববার বিকেলে রাজধানীর কাওরানবাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্কা আমরা করছি না। আমরা মাঠে আছি। অন্যান্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কিছুদিনে সেখানে খুলনায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবিএর বিভিন্ন দল ইউনিফর্মে ও সাদাপোশাকে সেখানে কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গত কয়েক দিনে খুলনায় এসআরবির বেশ কয়েকটি অভিযান সফল হয়েছে।
তিনি বলেন, খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডের জড়িতদের, দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেষ্টা চলছে।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে ইন্তেখাব চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কারণ, প্রকাশ করা হলে সেটি আর গোয়েন্দা তথ্য থাকে না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








