ডেঙ্গুতে একদিনে আরো আটজনের মৃত্যু

নয়া দিগন্ত ডেস্ক 
দেশে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৯৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
অধিদফতর আরো জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মংমনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
সিলেটে আরো ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেট ব্যুরো : ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯২ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন।
রোববার এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১০৯২ জনের মধ্যে হবিগঞ্জে ৪৩৭, সুনামগঞ্জে ২৫৪, সিলেটে ২৭৪ এবং মৌলভীবাজারে ৯৩ জন রয়েছেন। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। 
আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও ১১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।

Advertisement