ডেঙ্গু প্রতিরোধে শুধু আলোচনা নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

Advertisement

ডেঙ্গু প্রতিরোধে শুধু আলোচনা সভা ও সেমিনারে সীমাবদ্ধ না থেকে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান। 
তিনি বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিকদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন আয়োজিত  ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মা ও শিশু হাসপাতালের অধ্যাপক ডা. মো: মোস্তাফিজুর রহমান। এর উপর আলোচনা করেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদার প্রমুখ। তারা বলেন, করোনার মতো ডেঙ্গুও বাংলাদেশে মহামারী আকার ধারণ করছে। অথচ ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সঙ্কট থাকায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।