
সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি মীন টাওয়ার থেকে বাংলা মদসহ এক চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত চীনা নাগরিকের নাম ফিলি লিহান (৫৪)। এ সময় তার কথিত স্ত্রী বাংলাদেশী নাগরিক চম্পা দাসকেও গ্রেফতার করা হয় ।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে একটি অভিযোগের তদন্ত করতে যান সাভার মডেল থানা পুলিশ। পরে সেখানে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। পরে অভিযান পরিচালনা করে ১৩ বালতি বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জামসহ চীনা নাগরিক ফিলি লিহান ও বাংলাদেশী নাগরিক চম্পা দাসকে গ্রেফতার করে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








