
রাজধানীর রামপুরা ওয়াপদা রোডে চাঁদার দাবিতে ইন্টারনেট সরবরাহকারী অফিসে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)।
নেটওয়ার্ক প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই দুই কর্মীচারীসহ আরো কয়েকজন অফিসে বসে তাদের কাজ করছিলেন। হঠাৎ ৪ জন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। দু-এক মিনিটের মধ্যেই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের গুলিতে হাবিবুর ও সাজু গুলিবিদ্ধ হন। এর পরপরই তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, গত ২ সপ্তাহ আগে স্থানীয় চাঁদাবাজ বাদশা, জনি ও তাদের লোকজন ফোনে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে এখন পর্যন্ত তাদেরকে সেই চাঁদার টাকা দেয়া হয়নি। তার জের ধরেই আজ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহত সাজু আহমেদ জানান, ৪ জনের মধ্যে ৩ জন অফিসের ভেতরে প্রবেশ করে, আর ১ জন বাইরে দাঁড়িয়ে ছিল। ভেতরে ঢুকেই ওই ৩ জন বলতে থাকে, তোদেরকে এইখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেনো? এই বলেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘটনা ঘটিয়ে তারা সেখান থেকে চলে গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান জানান, সবুজ ডান পায়ে ও হাবিবুর বাম হাতে গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি রামপুরা থানায় অবগত করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








