
দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে দ্বীপজেলা ভোলায়। জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ নামে নতুন একটি গ্যাসকূপে গ্যাসের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে কূপটিতে প্রথমবারের মতো ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়। এর মাধ্যমে কূপটির গ্যাসের প্রবাহ ও চাপ পরীক্ষা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, পর্যায়ক্রমে তিনটি সম্ভাবনাময় স্তরে পরীক্ষা শেষে কূপটির প্রকৃত উৎপাদন সক্ষমতা ও গ্যাসের মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাপেক্স সূত্রে জানা গেছে, চীনা প্রতিষ্ঠান সিনোপেকের মাধ্যমে খনন করা ভোলা নর্থ-৩ কূপটির গভীরতা তিন হাজার ৫২৬ মিটার। গত ৯ সেপ্টেম্বর কূপটির খননকাজ শুরু হয়। খননকালে তিনটি সম্ভাবনাময় স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়ার পর গত ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন সম্পন্ন হয়। পরীক্ষার আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলও সন্তোষজনক পাওয়া গেছে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের মধ্য দিয়ে ভোলায় গ্যাস অনুসন্ধানের যাত্রা শুরু হয়। এরপর বোরহানউদ্দিন ও ভোলা সদর উপজেলায় পর্যায়ক্রমে আবিষ্কৃত তিনটি গ্যাসক্ষেত্রে একের পর এক কূপ খনন করা হয়। নতুন এই কূপটি নিয়ে জেলায় গ্যাসকূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ভোলার আগের ৯টি কূপে অবশিষ্ট গ্যাসের মজুদ রয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট। এসব কূপের বর্তমান উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট। যার মধ্যে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে বর্তমানে দৈনিক প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। এদিকে, ভোলায় চলমান পাঁচটি কূপ খনন প্রকল্পের আওতায় আরও গ্যাস অনুসন্ধানের কাজ চলছে।
বাপেক্স প্রত্যাশা করছে, এসব কূপে পরিকল্পনা অনুযায়ী গ্যাস পাওয়া গেলে দৈনিক উৎপাদন সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বেড়ে মোট ২৮২ মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে। বাপেক্সের মহাব্যবস্থাপক ও উৎপাদন বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন জানান, নতুন কূপটির তিনটি সম্ভাবনাময় স্তরে পর্যায়ক্রমে পরীক্ষা চালানো হবে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণের পরই কূপটির প্রকৃত উৎপাদন সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ভোলায় একের পর এক গ্যাসের সন্ধানে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, জেলার বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুদ কাজে লাগিয়ে স্থানীয়ভাবে গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি উপকূলীয় এ জেলার অর্থনৈতিক চিত্র পুরোপুরি বদলে যেতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








