মাদকের আসর থেকে আবারো আটক পুলিশ কনস্টেবল, ডোপ টেস্টের উদ্যোগ
মাদকের আসর থেকে আবারো আটক পুলিশ কনস্টেবল, ডোপ টেস্টের উদ্যোগ। নয়া দিগন্ত গ্রাফিক্স

মাদক সেবনের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন পুলিশ কনস্টেবল মেহেদী হাসান। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্তও চলছে। এর মধ্যেই রাজশাহী নগরীর হেতেমখাঁ লিচুবাগান এলাকায় মাদকের আসর থেকে আবারো আটক হয়েছেন তিনি।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) সকালে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতালে নেয়া হয়। আবারো তার ডোপ টেস্ট করার উদ্যোগ নেয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে বোয়ালিয়া থানা পুলিশ তাকে আটক করে।

মেহেদী হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ নতুন নয়। কয়েক মাস আগে রাজশাহীর চারঘাট থানায় কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে প্রথম এ অভিযোগ ওঠে। পরে তার ডোপ টেস্ট করা হলে পরীক্ষার ফল পজিটিভ আসে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। সেই মামলার তদন্ত এখনো চলছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী গণমাধ্যমকে বলেন, মেহেদী যে ঘরে ছিলেন, সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি। এ কারণে সরাসরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা যায়নি।

তিনি আরো বলেন, বিভাগীয় পুলিশ হাসপাতালে তার ডোপ টেস্ট করা হচ্ছে। পরীক্ষার ফল পজিটিভ হলে মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আর ফল নেগেটিভ হলে ঘটনার বিষয়ে প্রতিবেদন তৈরি করে তাকে জেলা পুলিশে পাঠানো হবে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, চারঘাট থানায় কর্মরত থাকাকালে মেহেদী হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। তখন তার ডোপ টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত চলছে। নগর পুলিশের হাতে নতুন করে আটকের বিষয়টি তিনি শুনেছেন।

মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। বর্তমানে তিনি রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় বসবাস করেন।