
রাজশাহী ব্যুরো
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের তালা দেয়ার ঘটনায় মামলা হয়েছে। সরকারি কাজে বাধা ও ভোগান্তি সৃষ্টির অভিযোগে উপজেলা প্রশাসন মামলাটি দায়ের করে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
গত সোমবার রাতে উপজেলা প্রশাসনের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলাটি করেন। এতে এনসিপির ৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। একই দিন দুপুরে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও করে ফটকে তালা ঝুলিয়ে দেন এনসিপি সমর্থকরা।
এ দিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। বিএনপি নেতারা তালা ঝোলানোর ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। তারা অভিযোগ করেন, জামায়াত, এনসিপি ও পলাতক ফ্যাসিবাদের দোসররা এই নৈরাজ্যে জড়িত। ‘মব কালচার’ নিয়ে বিএনপি নেতারা বলেন, প্রশাসনের কাজে বাধা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না এবং সরকারকে যেকোনো সহযোগিতায় তারা পাশে থাকবে। সমাবেশে গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক মাহবুবসহ যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








