জি এম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

 রংপুর ব্যুরো
দেশে বর্তমানে ‘চর দখলের রাজনীতি’ চলছে উল্লেখ করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা হুঁশিয়ারি দিয়েছেন, সময় থাকতে বিচারালয় ও প্রশাসনিক ক্ষেত্রে চলমান মব সন্ত্রাস নির্মূল করতে না পারলে বর্তমান প্রধানমন্ত্রীর সিংহাসন যেকোনো সময় উল্টে যেতে পারে। দলের চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে গতকাল রংপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সাবেক মেয়র মোস্তফা বলেন, মব সৃষ্টিকারীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে জেলে পুরতে হবে। অন্যথায় এই সন্ত্রাসীদের কারণেই সরকার পতনের মুখে পড়বে এবং আফসোস করার সুযোগ থাকবে না। তিনি অভিযোগ করেন, বাজারে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি হচ্ছে এবং চারিদিকে চাঁদাবাজি ও দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তোলা হয়েছে।
মোস্তফা ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালত প্রাঙ্গণে মব তৈরি করে বিচারকদের ভীতসন্ত্রস্ত করা হচ্ছে, থানায় ঢুকে কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই কর্মকর্তাদের স্ট্যান্ড রিলিজ করা হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ দ্রুতই চূড়ান্ত নৈরাজ্যের দিকে ধাবিত হবে।
রংপুরের পুলিশ ও স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি কোনো সঙ্ঘাত চায় না। কিন্তু রাজপথে ন্যায়সঙ্গত কর্মসূচিতে বাধা দিলে তার ফল ভালো হবে না। হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো দলীয় নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
মোস্তফা বলেন, সামনে ভোট এলে মানুষ লাঙলে ভোট দেবে, তবে সেই রায় ছিনতাই রোধে এখন থেকেই প্রতিটি ভোটকেন্দ্র আড়াই হাতের লাঠি নিয়ে পাহারা দেয়ার প্রস্তুতি নিতে হবে।
এর আগে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পায়রা চত্বর, সুপার মার্কেট মোড় ও ৩৬ জুলাই চত্বর প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। সমাবেশে জাপা প্রসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, আজমল হোসেন লেবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement