
জাবি প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ সা:-কে ‘বিশ্ব জঙ্গি’ আখ্যা দিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সৈকত হালদারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দু’টি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সৈকত ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক ছাত্র।
বহিষ্কারাদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার পরিপ্রেক্ষিতে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের মাধ্যমে অভিযুক্ত শিক্ষার্থী ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, যা দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫(ক) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ২(গ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে। অন্য সদস্যরা হলেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন ড. মো: আলমগীর কবির। সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো: মাহতাব-উজ-জাহিদকে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








