
বগুড়া অফিস ও শেরপুর সংবাদদাতা
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসিতে যারা দু’টি বিষয়ে ফেল করবে তাদের ওই দু’টি বিষয়ে ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেয়া হবে। ফেইলের লিগাসি বছরের পর বছর হবে না। সরকার শিক্ষার্থীদের জন্য বছরের পর বছর পরীক্ষা নেয়া অথবা কালক্ষেপণ করার সুযোগ দিবে না। এ ভাবে যারা এগোতে পারবে না তাদেরকে নিয়ে যাওয়া হবে কারিগরি শিক্ষাব্যবস্থায়। তিনি গতকাল মঙ্গলবার বগুড়ায় ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ ) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অ. দা.) সরদার মো: কেরামত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো: মেজবাহুল হক। পরে মন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণী থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং নৈতিকতা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। এর মাধ্যমে সরকার একটি প্রজন্মকে নৈতিকভাবে উন্নত করার কাজ শুরু করেছে। এরই মধ্যে প্রাথমিক স্তরে খেলাধুলা শুরু করা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে হচ্ছে এবং প্রধানমন্ত্রী গোল্ডকাপ হচ্ছে। একই সাথে উৎসবমুখর পরিবেশে পড়ালেখা ও খেলাধুলার সমন্বয় করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








