
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি, সাইন্সল্যাব এবং নিউমার্কেট এলাকায় ফুটপাথ দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় হঠাৎ উচ্ছেদ ও মালামাল সরিয়ে নিতে না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মীদের সাথে হকারদের বাগি¦তণ্ডা ও এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাইন্সল্যাব ও সিটি কলেজ মোড় এলাকা থেকে ধানমন্ডি লেক পর্যন্ত অভিযান শুরু করে। একই দিনে নিউমার্কেট এলাকার মূল সড়কসহ ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাথ দখলমুক্ত করার ঘোষণা দেয়া হয়। অভিযানকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজস্ব কর্মকর্তাদের নির্দেশনায় ফুটপাথের অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেয়া হয়। একই সাথে সড়কের ওপর বেআইনিভাবে রাখা বিভিন্ন মালামাল ও দোকানঘরের সরঞ্জাম জব্দ করে করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকে তুলে নেয়া হয়।
পথচারীদের সাথে কথা হলে তারা জানান, ফুটপাথ দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে এই উচ্ছেদ অভিযানকে নগরবাসী স্বাগত জানাই। হকারদের দখলের কারণে ফুটপাথ দিয়ে হাঁটার উপায় ছিল না। এই উচ্ছেদ কার্যক্রমের ফলে স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে।
এ দিকে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত অত্যন্ত হঠাৎ করে বাস্তবায়িত হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা; অভিযানের পূর্বে মানিয়ে নেয়া ও দোকান গুছিয়ে নেয়ার জন্য কিছুটা সময় দেয়ার দাবি জানান হকাররা। হকারদের অভিযোগ, অভিযানের সময় তাদের নিজস্ব মালামাল ও দোকানসামগ্রী নিরাপদে সরিয়ে নেয়ার ন্যূনতম সুযোগটুকুও দেয়া হয়নি।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম জানান, ধানমন্ডি মূলত আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও সেখানে অসংখ্য বাণিজ্যিক ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে ব্যবসায়ের অজুহাতে কোনো অবস্থাতেই জনগণের হাটার রাস্তা দখল করতে দেয়া হবে না। সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কেবল তাদের নিজস্ব অনুমোদিত সীমানার ভেতরেই ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ভবনের বা দোকানের সামনের ফুটপাথে কোনো হকার বা অস্থায়ী দোকান বসাতে পারবে না।
প্রশাসক স্পষ্ট জানান, নিউমার্কেটের মূল সড়ক এবং ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাথে কোনো হকার বসতে দেয়া হবে না। উচ্ছেদ করা স্থানে আবার দোকান বসানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে কঠোরতার পাশাপাশি হকারদের জন্য বিকল্প ব্যবস্থার মানবিক দিকটি নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
এ ছাড়াও স্বাস্থ্য জরিপে ধানমন্ডি এলাকাকে ডেঙ্গু রোগের জন্য অন্যতম ‘ঝুঁকিপূর্ণ এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ প্রেক্ষাপটে ফুটপাথ উচ্ছেদের পাশাপাশি বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালু করেছে ডিএসসিসি। ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, ভবন বা রাস্তার পাশে লার্ভা জন্মানোর পরিবেশ বন্ধ করতে নগরবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা অত্যন্ত জরুরি। রাজধানী ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








