বিধিমালা পরিবর্তনের উদ্যোগ বাতিলের দাবি নিকাহ রেজিস্ট্রারদের
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে : নয়া দিগন্ত।

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা সংশোধনের প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রস্তাবিত খসড়ায় নিকাহ রেজিস্টারদের দীর্ঘদিনের স্বীকৃত কর্ম-অধিক্ষেত্রকে তিন ভাগে ভাগ করার পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিস্টার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। একই সাথে সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের এই পদে নিয়োগের সুযোগ সৃষ্টির কথাও বলা হয়েছে, যা পেশাগত স্থিতিশীলতা এবং প্রশাসনিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
নেতারা জানান, ১৯৭৫ সালের বিধিমালা অনুযায়ী পাঁচ থেকে সাতটি ইউনিয়ন, তিন থেকে পাঁচটি সিটি করপোরেশনের ওয়ার্ড এবং সমগ্র পৌরসভা এলাকা নিয়ে একজন নিকাহ রেজিস্ট্রার কর্মরত ছিলেন। ২০০১-২০০৬ মেয়াদে খালেদা জিয়ার সরকারের সময় আলেম-ওলামা ও কাজি সমিতির সাথে আলোচনার ভিত্তিতে এই প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছিল। সংশ্লিষ্ট পেশাজীবীদের সাথে যথাযথ আলোচনা ছাড়াই এই ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ অনভিপ্রেত বলে উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিবাহ ও তালাক নিবন্ধন নিছক দাফতরিক কোনো বিষয় নয়; এটি পবিত্র ইসলামী শরিয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। শরিয়ত, পারিবারিক আইন ও মুসলিম বিবাহ সংক্রান্ত বিষয়ে স্পষ্ট জ্ঞান না থাকলে নিবন্ধন কার্যক্রমে জটিলতা এবং শরিয়তগত ভুলের আশঙ্কা তৈরি হতে পারে। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষাকে নিয়োগের ক্ষেত্রে অপরিহার্য যোগ্যতা হিসেবে রাখার দাবি জানানো হয়।
বর্তমান সরকারের কাছে নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখার জন্য প্রধানমন্ত্রী বরাবর বিনীত আবেদন জানানো হয়েছে। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে- ২০০৯ সালের বিধিমালা অনুযায়ী লাইসেন্সপ্রাপ্তদের অধিক্ষেত্র বহাল রেখে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী শূন্য পদে স্থায়ী নিয়োগ দেয়া, মৃত বা অবসরজনিত শূন্য পদে যোগ্য  ছেলেকে সরাসরি লাইসেন্স প্রদান, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি বৃদ্ধি, প্রার্থীর আগের শিক্ষাগত যোগ্যতা বহাল রাখা এবং বিধিমালা প্রণয়নে নিকাহ রেজিস্ট্রারদের মধ্য থেকে কমপক্ষে দুজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। 
খুলনায় রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান
খুলনা ব্যুরো জানায়
বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন ফি বৃদ্ধিকরণ, বর্তমান অধিক্ষেত্র বহাল রাখা এবং নিকাহ্  রেজিস্ট্রারদের অবসর বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করাসহ ১০ দফা দাবি জানিয়েছে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি খুলনা জেলা শাখা। গতকাল  রোববার দুপুরে সংগঠনের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে প্রদত্ত স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানানো হয়।  
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: সাইফুল হাসান, নির্বাহী সভাপতি এ এইচ এম জিনাত আলী, সাধারণ সম্পাদক মো: হাবিবুল্লাহ, কাজি জাকারিয়া আকন্দ, কাজি মুহাম্মদ আব্দুল গফুর, কাজি সাদিকুল ইসলাম, কাজি দ্বীন মুহাম্মদ, কাজি আব্দুল কাদির, কাজি কবির হোসেন প্রমুখ।