দেশে সড়ক দুর্ঘটনায় বছরে মারা যান ৫ হাজার

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনা প্রতিরোধযোগ্য হলেও পাঁচ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এটি। আহতদের চিকিৎসায় গড়ে ১৬ দিন পর্যন্ত হাসপাতালে থাকতে হয় এবং গড়ে খরচ হয়ে থাকে ৩১ হাজার ৬৮৩ টাকা। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে দ্রুত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা বলেছেন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৩ সালে পাঁচ হাজার ৩০৫, ২০২৪ সালে পাঁচ হাজার ৪৮০ এবং ২০২৫ সালে পাঁচ হাজার ৪৮৯ জন নিহত হয়েছেন। তিন বছরে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ২৭৪ জন।
গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে। এ আইন কার্যকর হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও চিকিৎসা এবং উদ্ধারকাজে এগিয়ে আসা ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। একইসাথে পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে। বিপরীতে ইউরোপীয় অঞ্চলে একই সময়ে মৃত্যুর হার কমেছে ৩৬ শতাংশ।
তিনি জানান, বিশ্বে প্রতিবছর প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। এই মৃত্যুর ৯২ শতাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। মূল প্রবন্ধে ২০২৪ সালের একটি গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, বাংলাদেশের হাসপাতালগুলোর মোট শয্যার গড়ে ১৬.২ শতাংশ সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়। হাসপাতালে থাকাকালীন সরকারি ব্যয় বাদে রোগীপ্রতি গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য। দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এতে প্রাণহানি কমার পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: হাবিবুর রহমান খান বলেন, প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। এ কাজে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক সহায়তা করতে পারে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। বক্তব্য দেন বিআরটিএর পরিচালক (রোড সেফটি) মো: জিয়াউর রহমান ও ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার খালিদ মাহমুদ।