পদোন্নতি ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ^বিদ্যালয়ে ভিসি দফতর ঘেরাও
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ : নয়া দিগন্ত।

 মো. আজিজুল হক গাজীপুর

Advertisement

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা থেকে বঞ্চিত থাকার অভিযোগে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি দফতর ঘেরাও করে বিক্ষোভ করেছেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। তাদের অভিযোগ, আদালতের রায়ের পর চাকরি ফিরে পেলেও প্রাপ্য অধিকার ও আর্থিক সুবিধা নিশ্চিত করছে না বিশ^বিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় দাবি আদায় না হলে আজ থেকে ভিসির দফতরে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ^বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। পরে দাবি বাস্তবায়নের জন্য ভিসির দফতরে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
বিশ^বিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো: মিয়া হোসেন রানার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ^বিদ্যালয়ে বর্তমানে প্রায় দুই হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এরপরও ৯৮৮ জনের ন্যায্য পাওনা পরিশোধ ও জ্যেষ্ঠতা নির্ধারণে নানা টালবাহানা করা হচ্ছে। অথচ সম্প্রতি আরো ৩০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ দেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। তাদের প্রশ্ন, বিদ্যমান জনবল দিয়ে বিশ^বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্ভব হলে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে বাধা কোথায়?
বক্তারা আরো অভিযোগ করেন, ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের উপযোগী গাড়ি থাকা সত্ত্বেও বিশ^বিদ্যালয়ের অর্থে তাদের জন্য নতুন গাড়ি কেনা হয়েছে। অথচ দীর্ঘদিন চাকরিচ্যুত থাকার পর আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে প্রশাসনের অনীহা দেখা যাচ্ছে।
সমাবেশে বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না। বিশ^বিদ্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পে-স্কেলের সুযোগ-সুবিধা ভোগ করলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনকে এখনো ২০১২ সালের পুরনো বেতন স্কেলে বেতন দেয়া হচ্ছে। এতে তারা অন্যদের তুলনায় প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন বলে দাবি করেন বক্তারা। ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় পদোন্নতির পাশাপাশি ভবিষ্যতে পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ^বিদ্যালয়ে বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। এমএলএসএস থেকে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার পদেও তাদের নিয়োগ দেয়া হয়েছিল। পরে নিয়োগের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ^বিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেয়া হয়। একই সাথে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণœ রাখার কথা বলা হয়। চাকরিচ্যুতদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় তাদের সুযোগ-সুবিধার বিষয় নির্ধারণের ক্ষমতাও বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে দেয়া হয়। এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশ^বিদ্যালয়ের উদ্যোগে আইনি প্রক্রিয়া এগিয়ে যায় এবং আপিল বিভাগের রায়ে তাদের পুনর্বহালের পথ সুগম হয়।
তবে পুনর্বহালের পর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের দাবি, আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘ ১৪ বছরের বঞ্চনার অবসান ঘটছে না। এ অবস্থায় রায়ের আলোকে চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নুরুজ্জামান সর্দার, আকরাম হোসেন, তারিকুল ইসলাম, জিয়া উদ্দিন, মো: রফিকুল ইসলাম, মাসুদ রানা, মাসুদুর রহমান, মিয়াজ উদ্দিন মাস্টার, আব্দুস সালাম, ইলিয়াস হোসেন, মামুনুর রহমান মামুন, জাকিরুল ইসলাম বিপ্লব, আলমগীর হোসেন, নাছির আহমদ, কামরুজ্জামান, সাইফুল ইসলাম, আব্দুস ছামাম, মোর্শেদ আলম, মো: নুরুল আমিন ও নাজিম উদ্দীন আহমেদ প্রমুখ।