সৌদির প্রতি সমর্থন রোনালদোর

 ক্রীড়া ডেস্ক
সৌদি আরবের সাথে ইয়েমেনের হাউছি যোদ্ধাদের লড়াইয়ের প্রভাব পড়েছিল  আল নাসর ও উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফারগোনার ম্যাচে। ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজায় এই খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। এই ভূরাজনৈতিক ও নিরাপত্তাজনিত টানাপড়েনের মধ্যেও ক্রিশ্চিয়ানো রোনালদোর কিছু কর্মকাণ্ড গ্যালারি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কাড়ে। শুরুর বাঁশি বাজার ঠিক আগে ক্যামেরা যখন রোনালদোর ওপর ফোকাস করে, তখন আল নাসরের জার্সিতে থাকা সৌদি আরবের জাতীয় পতাকায় সশ্রদ্ধ চুমু দেন সিআরসেভেন। একই সাথে সৌদি আরবের স্কার্ফ কাঁধে জড়িয়ে দেশটির প্রতি নিজের গভীর ভালোবাসা ও সংহতি প্রকাশ করেছেন এই পর্তুগিজ মহাতারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল নাসরের জয়ের রাতে দুর্দান্ত গোল করেছেন রোনালদো। নিজে গোলও করেছেন দলও জিতেছে ৩-১ গোলে। পর্তুগাল কোচ জর্জ জেসুসের সাথে ঝামেলার পর জাতীয় দল থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন রোনালদো। এরপর সৌদি ক্লাবে ফিরেই গোল করে যাচ্ছেন তিনি। 
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে চলতি মৌসুমে গ্রুপ ‘বি’তে প্রথম ম্যাচে বড় পরাজয় দিয়ে শুরু করেছিল আল নাসর। দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে সৌদি আরবের ক্লাবটি। উজবেকিস্তানের ক্লাব নেফচি ফেরগানার বিপক্ষে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পর্তুগিজ মহাতারকা। এতে নিজের ক্যারিয়ারে হাজারতম গোলের মাইফলকের দিকে আরো এক ধাপ এগোলেন তিনি। এই গোলের সুবাদে তিনি পৌঁছে গেলেন ৯৮১-তে।
রিয়াদের আল আওয়াল পার্কে গত পরশু শুরু থেকেই জয়ের লক্ষ্যে মাঠে নামে আল নাসর। আর তাতে বিরতির আগেই প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে স্বাগতিকরা। ম্যাচের ৩৩ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আল নাসর। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সাদিও মানের ক্রস থেকে আইমান ইয়াহিয়া বুক দিয়ে বলটি রোনালদোর সামনে বাড়িয়ে দেন। সুযোগ পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। বয়সকে উপেক্ষা করে নিয়মিত গোল করে চলা রোনালদো এগিয়ে যাচ্ছেন পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে। মাইফলক থেকে আর মাত্র ১৯ গোল দূরে আল নাসর তারকা। 
৫১ মিনিটে আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফচি ফেরগানা। ফলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে। তবে ৬৫ মিনিটে প্রতিপক্ষের ইক্রমজন আলিবায়েভ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাড়তি সুবিধা পায় আল নাসর। ৭৮ মিনিটে আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

Advertisement