বাংলাদেশে অলিম্পিক ক্রিকেট বাছাইপর্ব, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, বাংলাদেশ ক্রিকেট, বিসিবি, আইসিসি, পুরুষ ক্রিকেট বাছাইপর্ব, অলিম্পিকে ক্রিকেট প্রত্যাবর্তন, ক্রিকেট অলিম্পিক ২০২৮
অলিম্পিক রিং। সংগৃহীত

১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। সেই প্রত্যাবর্তনের আগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেল বাংলাদেশ। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষ ক্রিকেট ইভেন্টের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ। আগামী বছরের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

Advertisement

ইন্দোনেশিয়ার বালিতে সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় বাছাইপর্বের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম চূড়ান্ত হয়েছে। চার দিনের ওই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

বাছাইপর্বে অংশ নেবে আটটি দল। চারটি করে দল নিয়ে হবে দুইটি গ্রুপ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে ফাইনালে। ফাইনালে জয়ী দলই বাছাইপর্ব পেরিয়ে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার টিকিট পাবে। তবে মেয়েদের ক্রিকেটের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

২০২৮ সালের ১৪ থেকে ৩০ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে অলিম্পিকের পরবর্তী আসর। সেখানে নারী ও পুরুষ—দুই বিভাগেই অংশ নেবে ছয়টি করে দল। প্রতিটি বিভাগের জন্য বরাদ্দ থাকবে ৯০টি অ্যাথলেট কোটা। অর্থাৎ, প্রতিটি দল ১৫ জনের স্কোয়াড নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পোমোনা ফেয়ারপ্লেক্সে। বেশির ভাগ দিন দুইটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচগুলো।

এর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে একবারই ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। সেবার একমাত্র ম্যাচে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল গ্রেট ব্রিটেন। দীর্ঘ ১২৮ বছর পর আবারো অলিম্পিকে ফিরছে ক্রিকেট।