
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউইয়র্ক সিটি শাখা শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে।
যদিও এ প্রস্তাবটি কোনো আনুষ্ঠানিক দলীয় সমর্থন (এনডোর্সমেন্ট) নয়, তবে এটি এই আন্দোলনের অন্যতম শীর্ষ নেত্রী ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে উৎসাহিত করার ক্ষেত্রে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক গোষ্ঠীগুলোর সর্বশেষ প্রচেষ্টা।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনে গণতান্ত্রিক সমাজতান্ত্রিকদের ধারাবাহিক বিজয়ের পর এই আহ্বান জানানো হলো, যার মধ্যে রয়েছে গত বছর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির জয় এবং গত ৩ নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ছয়জন সদস্য ও লস অ্যাঞ্জেলেসের মেয়রের বিজয়।
নিউইয়র্ক সিটি ডিএসএ শাখার সহ-সভাপতি গুস্তাভো গর্ডিলো বলেছেন, সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার ভিত্তি তৈরির উদ্দেশ্যেই এ প্রস্তাবটি নেয়া হয়েছে।
শাখাটির সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে গর্ডিলো বলেন, তাদের গোষ্ঠী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে এবং শ্রমজীবী মানুষের রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে একটি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অনুকূল পরিবেশ তৈরি করতে কাজ করবে।
এর আগে আটলান্টা, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্কের ইথাকার ডিএসএ শাখাগুলোও ওকাসিও-কর্টেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে নামার আহ্বান জানিয়ে একই ধরনের প্রস্তাব গ্রহণ করেছিল।
প্রস্তাবগুলোতে কিছু মূল নীতিগত অগ্রাধিকারের রূপরেখাও তুলে ধরা হয়েছে, যা শাখাগুলো চায় ওকাসিও-কর্টেজ বাস্তবায়ন করুক। এর মধ্যে রয়েছে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিলুপ্ত করা, সবার জন্য ‘মেডিকেয়ার’ (স্বাস্থ্যসেবা) চালু করা এবং ‘গ্রিন নিউ ডিল’ বাস্তবায়ন করা। গত আগস্টে নিজের ডিএসএ সদস্যপদ নবায়ন করা ওকাসিও-কর্টেজের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
প্রস্তাবটিতে ওকাসিও-কর্টেজের সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকে জাতীয় পর্যায়ে ডিএসএ’র প্রভাব শক্তিশালী করার পাশাপাশি শ্রমজীবী ভোটারদের পক্ষে কথা বলার একটি সুযোগ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
কিছু সদস্যের আপত্তি সত্ত্বেও প্রস্তাবটি ২৯১-১২৩ ভোটে অনুমোদিত হয়েছে। আপত্তিকারী সদস্যদের যুক্তি ছিল, ওকাসিও-কর্টেজ গোষ্ঠীটির মূল নীতি ও রাজনৈতিক অগ্রাধিকার থেকে সরে এসেছেন। বিরোধীরা এমন আশঙ্কাও প্রকাশ করেছেন যে এই পর্যায়ে তার প্রেসিডেন্ট প্রার্থিতাকে উৎসাহিত করলে পৃথক আনুষ্ঠানিক সমর্থন প্রক্রিয়ার আগে বিভ্রান্তি তৈরি হতে পারে।
রাজনৈতিক অবস্থানের কারণে ওকাসিও-কর্টেজ এর আগেও সংগঠনটির সাথে মতবিরোধের মুখে পড়েছিলেন। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত-সংক্রান্ত গোষ্ঠীটির শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে ২০২৪ সালে জাতীয় ডিএসএ এই কংগ্রেসওম্যানের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল।
সূত্র : আনাদুলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








