লিটনের বিশ্বরেকর্ড
ডান দিকে শূন্যে শরীর ভাসিয়ে বল গ্লাভসে নিলেন লিটন দাস : ইন্টারনেট।

ক্রীড়া প্রতিবেদক
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ফিফটি ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পান বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। আর গ্লাভস হাতে উইকেটের পেছনে একের পর এক ক্যাচ- দুই ভূমিকাতেই অনন্য নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। আর তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। আবুধাবি টেস্টে এক ম্যাচে দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান ও উইকেটরক্ষক হিসেবে ৯টি ডিসমিসাল করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটার হয়ে গেলেন লিটন। 
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম দিনে ইকরাম আলিখিলের ক্যাচ নেয়ার মধ্য দিয়ে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন লিটন। ইবাদত হোসেনের বাউন্সার আলিখিলের গ্লাভস ছুঁয়ে গেছে ডান দিকে ডাইভ দিয়ে মনে রাখার মতো ক্যাচটি লুফে নেন লিটন। আর তাতেই টেস্টে ব্যাট ও কিপিং-গ্লাভস হাতে লিটনের পারফরম্যান্স জায়গা করে নিলো রেকর্ড বইয়েও। ওই ক্যাচটি নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড! আর এই সাফল্যের মাধ্যমে তিনি ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ডেনিস লিন্ডসের প্রায় ৬০ বছর আগের রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬৬ সালে জোহানেসবার্গ টেস্টে লিন্ডসে দুই ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছিলেন। একই ম্যাচে উইকেটের পেছনে আটটি ডিসমিসাল ছিল তার। এত দিন এই কীর্তিই ছিল উইকেটরক্ষক হিসেবে বিশেষ নজির। এবার ব্যাটিং ও কিপিংয়ের সমন্বয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন বাংলাদেশের লিটন।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৩ রান করেন লিটন। গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে নেন চারটি ক্যাচ এবং স্টাম্পিং করেন একটি। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে দুর্দান্ত ১০২ রান। দ্বিতীয় ইনিংস লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহকে শক্ত অবস্থানে নিয়ে যায়। তার ব্যাটিংয়ের ওপর ভর করে সাত উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আ্র তাতে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল হয়ে থাকল লিটনের পারফরম্যান্স। আর চতুর্থ ইনিংসে কিপিংয়ে দাঁড়িয়ে আরো চারটি ডিসমিসাল যোগ হলে ম্যাচে মোট এই সংখ্যা দাঁড় করান নয়ে। যার মধ্যে ছিল আটটি ক্যাচ ও একটি স্টাম্পিং। 
লিটনের এই পারফরম্যান্স বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটি এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। একইসাথে উইকেটের পেছনে তার ক্ষিপ্রতা ও মনোযোগও দলের বোলারদের জন্য বড় সহায়তা হয়ে উঠেছে। আর আবুধাবির এই পারফরম্যান্সে অন্যতম স্মরণীয় অধ্যায়ে জায়গা করে নিলেন লিটন।

Advertisement