টেকসই কৃষি ও পুষ্টিনিরাপত্তায় জোটবদ্ধ দক্ষিণ এশিয়া

নিজস্ব প্রতিবেদক

Advertisement

জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, জীববৈচিত্র্য হ্রাস এবং সীমান্ত পেরিয়ে আসা ফসল ও পশুপাখির মারণব্যাধি- এই বহুমুখী সঙ্কটে জর্জরিত দক্ষিণ এশিয়া। এমন বাস্তবতায় এ অঞ্চলের কোটি কোটি মানুষের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা আরো নিবিড় করার তাগিদ দিয়েছেন সার্ক প্রতিনিধিরা। সঙ্কট উৎরাতে টেকসই কৃষিচর্চা, যৌথ গবেষণা, প্রযুক্তি আদান-প্রদান এবং জলবায়ু সহনশীল উৎপাদনপদ্ধতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তারা।
গতকাল ঢাকায় আয়োজিত সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এসব পর্যবেক্ষণ। হাইব্রিড কাঠামোর এই অধিবেশনে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা সশরীরে যোগ দেন; অন্য দিকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ও নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম খান বলেন, সীমান্ত ছাড়ানো ফসল ও প্রাণীর রোগবালাই এবং জলবায়ু বিপর্যয় এখন দক্ষিণ এশিয়ার অভিন্ন সমস্যা। এটি সামলাতে না পারলে খাদ্যনিরাপত্তা টিকিয়ে রাখা কঠিন হবে। তাই উদ্ভাবনী জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে জলবায়ু সহনশীল আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে সার্ক কৃষি কেন্দ্রকে আরো জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে শবনাম শিবাকোটি মনে করিয়ে দেন, দক্ষিণ এশিয়ার জীবন-জীবিকার মূল চালিকাশক্তি কৃষি হলেও জলবায়ুর বিরূপ প্রভাবে তা এখন চরম হুমকির মুখে। একলা চলে এই বৈশ্বিক ও আঞ্চলিক মহামারি ঠেকানো সম্ভব নয়; তাই সমন্বিত পদক্ষেপই একমাত্র পথ।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো: আবদুস সালাম বলেন, কৃষি খাতে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব চাষাবাদ নিশ্চিত করা জরুরি। অন্য দিকে সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার সীমিত কৃষিজমির সুরক্ষায় গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই কৃষিচর্চার তাগিদ দেন। অনুষ্ঠানে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো: গোলাম মাহবুব সদস্য রাষ্ট্রগুলোর সক্ষমতা বাড়াতে যৌথ গবেষণা, নিবিড় প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি হস্তান্তরে কেন্দ্রের নিরবচ্ছিন্ন সমর্থন পুনর্ব্যক্ত করেন।