শিক্ষার্থীদের মর্যাদা ও অধিকার রক্ষা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে বুলিং, ইসলামবিদ্বেষ ও শ্রেণীগত বৈষম্যের অভিযোগ তুলে শিক্ষার্থীদের মানবিক মর্যাদা ও অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, একাডেমিক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা এবং বৈষম্য থেকে সুরক্ষা নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত ‘বুলিং বনাম একাডেমিক স্বাধীনতা : আরোপ ও অপরায়ণের রাজনীতি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ডা. ফাহমিদ উর রহমান, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং লেখক ও গবেষক জান্নাতে গুলশান।
সেমিনারে সভাপতিত্ব করেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা। সঞ্চালনা করেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।
আলোচনায় ডা. ফাহমিদ উর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার প্রতিষ্ঠান নয়। শিক্ষার্থীদের মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা ও সমানাধিকার নিশ্চিত করাও এর দায়িত্ব। ব্যক্তিস্বাধীনতার কথা বলার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাধীনতা ও অধিকার খর্ব করার প্রবণতার বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়া প্রয়োজন।
তিনি বলেন, উদারনৈতিকতার চর্চার আড়ালেও কখনো ইসলামবিদ্বেষী মনোভাব প্রকাশ পেতে পারে। শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা, পোশাক, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও ধর্মীয় পরিচয়ের কারণে অপমান ও বৈষম্যের অভিযোগও আলোচনায় উঠে আসে।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, মুসলিম সমাজের শিক্ষাবিস্তারে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা এবং বর্তমান প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার কাঠামো ও একাডেমিক পরিসরে পরিচয়ভিত্তিক বৈষম্যের প্রশ্ন উঠে আসে।
লেখক ও গবেষক জান্নাতে গুলশান বিশ্ববিদ্যালয়ে ইসলামী প্রতীক ও ধর্মীয় পোশাকের প্রতি নেতিবাচক মনোভাব এবং পোশাকের ভিত্তিতে শিক্ষার্থীদের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেন। তিনি ধর্মীয় পরিচয় ও পোশাক নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।
সেমিনারে সভাপতির বক্তব্যে উম্মে ছালমা ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে বুলিং, ইসলামবিদ্বেষ, শ্রেণীগত বৈষম্য ও বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে ধরেন।
বক্তারা শিক্ষার্থীদের অভিযোগ নিরপেক্ষভাবে পর্যালোচনা, শিক্ষকদের পেশাগত আচরণে জবাবদিহি নিশ্চিত করা এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
সেমিনার-পরবর্তী কার্যক্রমে সভাপতি উম্মে ছালমার পক্ষ থেকে ডা. ফাহমিদ উর রহমান রচিত ‘ফ্রানজ ফানোঁ, হিজাব ও ঔপনিবেশিকতা’ বইয়ের ১০০টি কপি বিতরণ করা হয়।

Advertisement