জাতীয় গ্রিডে সোলার বিদ্যুৎ যুক্ত করতে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি


টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে এবং নবায়নযোগ্য বিদ্যুতের পরিধি বিস্তৃত করতে একজোট হয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতর এবং বেসরকারি প্রতিষ্ঠান ‘ফাইবার অ্যাট হোম’। গত সোমবার আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরে প্রতিষ্ঠান তিনটির মধ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম জানান, সামনের গ্রীষ্মে বিদ্যুতের সম্ভ্যাব্য ঘাটতি সামাল দিতে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় গ্রিডে তিন থেকে চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
সচিব উল্লেখ করেন, উদ্যোগটি উৎসাহিত করতে বিশেষ ছাড় ও প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাসাবাড়ি বা প্রতিষ্ঠানের ছাদে বসানো সোলার প্যানেল থেকে নিজের চাহিদা মেটানোর পর যে অতিরিক্ত বিদ্যুৎ থাকবে, তা প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে সরকার। একই সাথে সোলার যন্ত্রাংশ আমদানিতে গতি আনতে গত ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮০ দিনের জন্য শুল্ক হার কমিয়ে মাত্র ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। জাতীয় চাহিদার এই বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই প্রথম ধাপে জাতীয় গ্রন্থাগার ভবনের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল বসানো হচ্ছে।
চুক্তিতে ডেসকোর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ, আরকাইভসের পক্ষে পরিচালক (যুগ্মসচিব) ফারজানা সুলতানা এবং ফাইবার অ্যাট হোমের প্রকল্প পরিচালক শাহজামান হোসেন সই করেন। আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম আহমেদ। বিজ্ঞপ্তি।

Advertisement