জেলের নামে লাইসেন্স আড়ালে আ’লীগ নেতা

 নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

Advertisement

কক্সবাজারের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে সারের ডিলার হিসেবে কার্ডধারী এক জেলের নাম এলেও এর আড়ালে এক সাবেক আওয়ামী লীগ নেতার ছেলে ব্যবসার নিয়ন্ত্রণ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ডিলারদের তালিকা প্রকাশের পর এ নিয়ে স্থানীয় পর্যায়ে সমালোচনার ঝড় ওঠে। 
স্থানীয়দের অভিযোগ, ‘মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজ’-এর মালিক হিসেবে কাগজে-কলমে ৯ নম্বর ওয়ার্ডের জেলে শাফায়াত হোসেনকে দেখানো হয়েছে। তবে পর্দার আড়ালে প্রকৃত ডিলার হিসেবে কাজ করছেন সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নান্নু মিয়ার ছেলে ইব্রাহিম। রাজনৈতিক পরিচয়ের কারণে তার নামে সরাসরি ডিলারশিপ নেয়া হয়নি। স্থানীয় বিএনপির দাবি, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি পরশ মাহমুদ মোটা অঙ্কের টাকার বিনিময়ে লোকদেখানো ডিলার বানিয়েছেন শাফায়াতকে। অথচ বাজারে শাফায়াতের কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নেই। বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ছোট বসতঘর ভাড়া নিয়ে গোডাউন দেখানো হয়েছে, যেখানে এক শ’ বস্তা সার রাখারও জায়গা নেই। ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জাকির ও ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সাইফুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম অর্থ লেনদেনের মাধ্যমে এই ডিলারশিপ বাগিয়ে নিয়েছেন।