
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নে এক যুবকের করা আটটি মিথ্যা মামলায় এলাকার ৬৩ জন নিরীহ ও দরিদ্র মানুষ বাড়িছাড়া হয়েছেন। একের পর এক মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, ১৪ নম্বর চতরা ইউনিয়নের বড়বদনাপাড়া গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে শরীফ সুমনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই তিনি এলাকাবাসীর বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেন। সামান্য দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হাসপাতালে ভর্তি করে নিজেই বাদি হয়ে দরিদ্র পরিবারের সদস্যদের আসামি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি এলাকার একমাত্র রেকর্ডভুক্ত সরকারি রাস্তা বন্ধ করে দিলে সাধারণ মানুষ প্রতিবাদ করেন। এ সময় জয়নাল নামের এক দরিদ্র ব্যক্তির শরীরে এসিড নিক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তিন শতাধিক মানুষ ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। এ ছাড়া কাপড় ব্যবসায়ী গাউসুল আজমের ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে পাঁচ লাখ টাকার মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠানোর অভিযোগ রয়েছে শরীফ সুমনের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে শরীফ সুমন বলেন, ক্ষতিগ্রস্ত হয়েই মামলা করেছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, ওই যুবকের বিরুদ্ধে নানা অভিযোগ ও মামলা রয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








