
কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে স্থানীয় সাহেব আলীকে কুপিয়ে হত্যার ১৩ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত। এ ঘটনায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।
কুষ্টিয়া বারের পিপি অ্যাডভোকেট মো: হাফিজুল ইসলাম মুনীর বলেন, দীর্ঘ দিন পর মামলার রায় হলো। আসামিদের উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণে সরকার পরবর্তী পদক্ষেপ নিবে বলে আশা রাখি। আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত সাহেব আলীর পরিবারের সদস্যরা। দীর্ঘ অপেক্ষার পর এ রায় তাদের ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশাকে পূরণ হয়নি বলে জানিয়েছেন তারা। কুষ্টিয়া প্রতিনিধি।
রাঙ্গুনিয়ায় লোকালয়ে অজগর উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারের দোকানে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। অজগর সাপটি প্রায় ১৪ ফুট লম্বা। ওজন প্রায় ১৫ কেজি। স্থানীয়রা সাপটি উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সন্ধ্যা জুয়েলার্সের মালিক রাজীব ধর বলেন, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার দোকানে সাপটি আসে। গত সোমবার কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের রাম পাহাড় বিটে অজগরটি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো: মামুনুর রহমান, রেঞ্জ কর্মকর্তা খান মো: আনোয়ার হোসেন। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।
খুলনায় দুই হত্যাকাণ্ডের ৩ অভিযুক্ত গ্রেফতার
খুলনায় টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন চালিয়ে সাজমীর ইসলাম (১৮) নামে এক তরুণকে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামি এবং রূপসা উপজেলায় ইটভাটায় চাঞ্চল্যকর খুনের ঘটনায় জড়িত একজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি। গত সোমবার মধ্য রাতে নগরীর মহেশ্বরপাশা ও ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে সাজমীর হত্যায় অভিযুক্ত ফুলবাড়ীগেট এলাকার মৃত ওমর আলীর ছেলে আকাশ (২২) এবং দৌলতপুর সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে সাকিবকে (২১) গ্রেফতার করা হয়। এসআরবি-৬ এর উপ-অধিনায়ক মেজর মো: নাজমুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের শিকার সাজমীর ইসলাম নগরীর কুয়েট ক্যাম্পাসের পকেট গেট এলাকার একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর আকাশ ও সাকিবসহ তাদের সহযোগীরা সাজমীরের বিরুদ্ধে এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে কুয়েট মেডিক্যাল সেন্টারের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবি-৬-এর একটি টিম সাজমীর হত্যা মামলার এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেফতার করে। তাদের খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে। খুলনা ব্যুরো।
মির্জাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন
টাঙ্গাইলের মির্জাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। গতকাল মঙ্গলবার দুপুরে ভাতগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গোড়াইল গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মির্জাপুর থানার ওসি আবদুল্লাহ আল মানুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ বক্তৃতা করেন। গোড়াইল গ্রামের গৃহবধূ আকলিমা বেগমের তথ্য ট্যাবের মাধ্যমে অনলাইনে সংযোগে দিয়ে তথ্য সংগ্রহের কাজের উদ্বোধন করেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
দশমিনায় জেলেদের মধ্যে চাল বিতরণ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞায় পটুয়াখালীর দশমিনায় কর্মহীন এক হাজার ৫৫০ জেলের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ জেলের চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল কাদের, ট্যাক অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: মনিরুল হকসহ ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যারা। এ সময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও ট্যাক অফিসার মো: মনিরুল বলেন, জেলেদের মধ্যে স্বচ্ছভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক জেলেকে ২৫ কেজি চাল পেয়েছেন, তা নিশ্চিত করতে ওজন ও বিতরণ কার্যক্রম তদারকি করা হয়েছে। দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।
৩০ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২ টন ধারণক্ষমতার ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা। গত সোমবার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে পুলিশ সুপার মীর মনীর হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো: রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো: আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো: মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার মো: আরিফ হোসেন (৩২)। পুলিশের ভাষ্য অনুযায়ী, রমজান আলী এই চালানের মূল মাদককারবারি। ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। ট্রাকের চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তির কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করেন। রাজবাড়ী প্রতিনিধি।
সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ১৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট এবং সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানি অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, টমেটো, জিরা, ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকোলেট, বাসমতি চাল, ফুচকা, জুস এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছ, অবৈধ বালু পাথর বহনকারী বাংলাদেশী বারকী নৌকা আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামালের মূল্য প্রায় ৪৯ লাখ ৩৩ হাজার টাকা। গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








