
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের অপটিক্যাল ফাইবার ক্যাবল ও মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে চক্রটির বড় এক সিন্ডিকেটের তথ্য বেরিয়ে আসে।
পুলিশ জানায়, ‘ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড’-এর কাশিমপুর থানার সূর্যবাড়ী ও আশপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ রয়েছে। গত ২৪ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে রাতের আঁধারে বিভিন্ন স্থান থেকে ১০ হাজার ৮০০ মিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল, জয়েন্ট বক্স, ডিভাইস চুরি হয়ে যায়। এতে প্রায় এক লাখ ৯০ হাজার টাকার ক্ষতির পাশাপাশি পুরো এলাকায় ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বাদি হয়ে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ২২ সেপ্টেম্বর রাতে প্রধান আসামি ফয়সাল আহমেদকে (২৯) এবং তার তথ্যের ভিত্তিতে পরদিন ডি এম মাসুম বিল্লাহ ওরফে বাপ্পি দেওয়ানকে (৩২) গ্রেফতার করে। তার বিরুদ্ধে আগেও অপরাধমূলক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সজীব দেবনাথ জানান, জিজ্ঞাসাবাদে ইকবাল (২২) নামের আরেক যুবক সরাসরি জড়িত থাকার কথা জানা যায়। কাশিমপুর মেট্রোপলিটন থানার ওসি মোল্যা মোহাম্মদ খালিদ হাসান বলেন, মামলার তদন্ত চলছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








