পূজার পোশাক কেনাকাটায় দামে হিমশিম ক্রেতারা
পূজার পোশাক কেনাকাটায় দামে হিমশিম ক্রেতারা।

সঞ্জয় ব্যানার্জী দশমিনা (পটুয়াখালী)

Advertisement

শরতের কাশফুল আর শিউলির সুবাসে প্রকৃতিতে আগেই বেজেছে দুর্গোৎসবের আগমনী বার্তা। কয়েক দিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে সামনে রেখে নানা রঙের পোশাকে সেজে উঠেছে পটুয়াখালীর দশমিনার বিপণিবিতানগুলো। শেষ মুহূর্তে কেনাকাটা করতে কেনাবেচায় ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তবে মূল্যস্ফীতির চাপে পছন্দের পোশাক কিনতে গিয়ে সাধ্য ও বাজেটের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
উৎসবকে ঘিরে নতুন সাজে প্রস্তুত হচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। কেউ খুঁজছেন পছন্দের শাড়ি, কেউবা থ্রি-পিস কিংবা পাঞ্জাবি। পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতে দোকানগুলোয় ভিড় করছেন সব বয়সের মানুষ। তরুণেরা এবার আধুনিক নকশার পোশাকের দিকে ঝুঁঁকলেও শাড়ি ও পাঞ্জাবির ঐতিহ্যবাহী চাহিদা আগের মতোই রয়ে গেছে। পোশাকের পাশাপাশি প্রসাধন, অলঙ্কার ও জুতার দোকানেও ভিড় লক্ষ করা গেছে।
তবে উৎসবের এই আমেজেও ক্রেতাদের ভাবিয়ে তুলছে বাড়তি দর। পোশাকের দোকান ঘুরে দেখা যায়, গত বছরের তুলনায় প্রতিটি জিনিসের দামই চড়া। এক নারী ক্রেতা জানান, গাদোয়াল শাড়ি কেনার ইচ্ছা থাকলেও দাম বেশি থাকায় লাল-সাদা একটি সাধারণ শাড়ি কিনতে হয়েছে। অষ্টমীর অঞ্জলির জন্য ঐতিহ্যবাহী লাল-সাদা পোশাকের চাহিদা বেশি থাকলেও চড়া দামের কারণে অনেকে কাটছাঁট করছেন পছন্দের তালিকা। সব মিলিয়ে শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ না থেকে গ্রামীণ বাজার ও স্থানীয় অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে।