
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সারের ডিলারশিপ নিয়োগে আওয়ামী লীগের পদধারী নেতাদের নাম থাকার অভিযোগ তুলেছেন বঞ্চিত ব্যবসায়ী ও বিএনপি নেতা-কর্মীরা। অনিয়মের প্রতিবাদে সোচ্চার হয়েছেন ডিলারশিপপ্রত্যাশীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমখোলা ইউনিয়নে সুপারিশপ্রাপ্ত আরিফুর রহমান, পানপট্টি ইউনিয়নে আলতাফ হাওলাদারসহ ডাকুয়া, গোলখালী ও গজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যুক্ত থাকার অভিযোগ রয়েছে। কলাগাছিয়া ইউনিয়নে সুপারিশপ্রাপ্ত মনির শিকদার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে থেকে সম্প্রতি নতুন দলে যোগ দেন বলে জানান স্থানীয় বিএনপির সদস্য সচিব ফাইজুর রহমান। এ নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করেছেন বঞ্চিত প্রার্থীরা।
এ বিষয়ে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা জানান, এই তালিকা কীভাবে অনুমোদন পেল তা তাদের বোধগম্য নয়, তবে বিষয়টির তীব্র প্রতিবাদ জানানো হবে। অন্য দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলায় সারের ডিলারশিপের সব পদ অন্য একটি রাজনৈতিক দলের সমর্থকরা পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু। তিনি বলেন, বিষয়টিতে তারা হতবাক হলেও স্থানীয় ঐক্যের স্বার্থে দ্রুত পদক্ষেপ চান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








