মদন থানা, মাদক, ছাত্রদল, আটক, মাদকবিরোধী অভিযান
মদন থানা। সংগৃহীত

নেত্রকোনার মদনে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন থানাধীন মদন পৌরসভাস্থ শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আব্দুল বারী আকন্দ হিরা (২৯) উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমান মদন বাজার) মরহুম আব্দুর রহিমের ছেলে ও মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। আটক বাকিরা হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মরহুম গনি মিয়ার ছেলে মো: মানিক (৩০) ও আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আব্দুল জলিলের ছেলে তারেক (২৪)।

মদন থানা সূত্রে জানা গেছে, থানার এসআই মো: আখতারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মদন পৌরসভাস্থ শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে চারজনকে আটক করা হয়। ওই সময় আরো চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মদন পৌর ছাত্রদল সভাপতি মেহেদী হাসান জানান, পৌর ছাত্রদল সেক্রেটারি আব্দুল বারী আকন্দ হিরা সম্পর্কে জেলা সভাপতিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জেলা কমিটি পরবর্তী ব্যবস্থা নিবেন।

মদন থানার ওসি সালাউদ্দিন করিম বলেন, ‘মাদক সেবন অবস্থায় চারজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’