সড়ক দুর্ঘটনা, সিএনজিচালিত অটোরিকশা, নিহত, সংঘর্ষ, আটক, ট্রাক, ট্রাকচালক
সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক মো: রিপন মিয়া। নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো: রিপন মিয়া (২৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। 

Advertisement

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আছুরিঘাট সড়কে এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিপন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশেমনগর এলাকার বাসিন্দা ও দক্ষিণভাগ দক্ষিণ বাজারের সিএনজিচালিত অটোরিকশাচালক ইসলাম মিয়ার ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় আছুরিঘাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই রিপনের মৃতু হয়।

ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলে উপস্থিত জনতা ট্রাকটির পিছু নেন। পরে জুড়ী সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।