ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ মৃত্যু হাসপাতালে ভর্তি ২১৬৭

 নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৬৭ জন। চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৪৪২ জনে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগের ২৮৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের ৪৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪৭ জন, খুলনা বিভাগের ২৯৮ জন, ময়মনসিংহ বিভাগের ১০২ জন, রাজশাহী বিভাগের ২৫৩ জন, রংপুর বিভাগের ৯২ জন এবং সিলেট বিভাগের ২১ জন রয়েছেন। চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ এক হাজার ৪৪২ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৫ হাজার ৩৩১ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৪২৮ জন।
সিলেট ব্যুরো জানায়, সিলেটে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।
সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।  স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় শনাক্ত ২১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, হবিগঞ্জ সদর হাসপাতালে দুই, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে এক এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন রয়েছেন।

Advertisement